প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা চর্চা ও এআই নিয়ে প্রশিক্ষণ শুরু

আধুনিক সাংবাদিকতার চর্চা ও সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে চাঁদপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘প্রত্যেকটি পত্রিকা তাদের নিজস্বতা বজায় রাখা দরকার। সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করতে হবে। নিজেরা সচেতন থেকে ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন।’
ডিসি আরও বলেন, ‘আমরা যেন সামাজিক দায়বদ্ধতা ভুলে না যাই। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয়গুলো তুলে ধরেন সেগুলো নিজেরাও মেনে চলবেন। এই প্রশিক্ষণটি সময়োপযোগী এবং আপনাদের কর্মক্ষেত্রে খুবই কাজে লাগবে।’
তিনি চাঁদপুরের অন্যান্য সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সংবাদগুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV